নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর দায়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি (৩০)কে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌণে ৩টার ইমিকে মুক্তি দেয়া হয়। তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার শিরিন আক্তার।
জেলার বলেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকেল পৌনে ৩টার দিকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
এর আগে গেল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন মঞ্জুর করেন।
দুই মাস আগে ৭ মার্চ শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজান শেখ তাসনিম আফরোজ ইমি।
ওই দিন তাঁর সঙ্গে ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুনসহ আরও বেশ কয়েকজন ছিলেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অচেনা ২০-৩০ জনের জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।