স্টাফ রিপোর্টার, গাজীপুর:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিজ্ঞানী ড. মো. মঞ্জরুল কাদির। কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে তিনি বারি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর আগে তিনি বারি’র তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সম্পাদক ও প্রটোকল অফিসার (অ. দা.) মো. হাসান হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ড. মো. মঞ্জরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় থেকে ২০০৯ সালে Oilseed Breeder (Rapeseed & Groundnut) এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে যোগদানের উদ্দেশ্যে আমেরিকা, ভারত, নেদারন্যান্ড, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনাম ভ্রমণ করেছেন। এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন। ড. মো. মঞ্জরুল কাদির ১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে ২ সন্তানের জনক।


